
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের বল গড়াবে আজ পার্থে। সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপের শেষে দুই দলের এই সিরিজটা বহুল আলোচিত। তবে পার্থের টেস্ট শুরুর আগে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা। মূলত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। টেস্ট সিরিজের আগে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগানসংবলিত জুতা পরে অনুশীলন করেন ৩৬ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটার। তার জুতোয় লেখা ছিল ‘স্বাধীনতা একটি মানবাধিকার। প্রতিটি জীবনের মূল্য সমান।’
বিষয়টি কেবলমাত্র অনুশীলন পর্বেই সীমাবদ্ধ রাখতে চাননি উসমান খাজা। সিদ্ধান্ত নিয়েছিলেন যুদ্ধাহত গাজার পক্ষে এমন বার্তা সম্বলিত জুতো পরেই প্রথম টেস্টে খেলতে নামবেন তিনি। কিন্তু তাতে বাদসাধে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি তাদের নজরে আসার পরই উসমান খাজাকে এই জুতা পরে ম্যাচ খেলতে নিষেধ করা হয়েছে। অজি ক্রিকেটার উসমান খাজাও আইসিসির নিয়ম মেনে নিয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন যে, বার্তা দেওয়া জুতা পরে খেলবেন না খাজা।